
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে রয়েছেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন। দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নেওয়া, রাস্তাঘাট সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ নানা জনকল্যাণমূলক কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্থানীয়দের মতে, যে কোনো সমস্যা বা দুর্যোগের সময় তিনি দ্রুত মানুষের পাশে দাঁড়ান, যা তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দুলুদা এলাকা থেকে কবরস্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা তিনি নিজ অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন। একইভাবে ৮ নম্বর ওয়ার্ডের মাটিয়ারী এলাকার রাস্তা সংস্কারেও ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেছেন। এছাড়া নওগা এলাকার বিভিন্ন স্থানে রাস্তা নির্মাণ ও সংস্কার কাজেও তার অবদান রয়েছে বলে স্থানীয়রা জানান। এছাড়াও চৌধুরীপাড়া মসজিদের রাস্তা সংস্কার, বিভিন্ন মসজিদ-মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং গরিব পরিবারের বিয়ে-শাদিতে আর্থিক সহায়তা দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ডেও তিনি নিয়মিতভাবে অংশ নিয়ে থাকেন। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার সহযোগিতা অব্যাহত রয়েছে।
পৌরসভার অনেক বাসিন্দা জানান, একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা থেকেই তারা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে মেয়র হিসেবে দেখতে চান। তাদের মতে, তিনি নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভায় স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। রাজনৈতিকভাবে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর আদর্শে অনুপ্রাণিত বলে উল্লেখ করে অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের সেবার একটি মাধ্যম।
আমি কাঞ্চন পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সকল নাগরিকের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, “পৌরবাসীর দোয়া ও সমর্থন পেলে কাঞ্চন পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। গরিব ও অসহায় মানুষের যেকোনো সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব এবং উন্নয়নের ধারাকে আরও বেগবান করব, ইনশাআল্লাহ।” স্থানীয় ভোটারদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণেই অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাদের প্রত্যাশা—যোগ্য নেতৃত্বের মাধ্যমে কাঞ্চন পৌরসভা উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.