মদন (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলায় গরুর দাম নিয়ে তর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন। আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ সময় প্রতিপক্ষের বাড়ি, গরুর খামার ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সুমন চৌধুরী শুক্রবার রাতে মদন থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুমন চৌধুরী তার গোয়ালঘর থেকে একটি গরু পাশের নদীতে গোসল করাতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের রোকন উদ্দিন খানের ছেলে ইলিয়াছ খান গরুটির দাম সম্পর্কে জানতে চান। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইলিয়াছ খান সুমনকে চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে।
এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রোমান আহম্মদ ও তার মা হাজেরা বেগম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
অভিযোগে আরও বলা হয়, সংঘর্ষের সময় প্রতিপক্ষ সুমন চৌধুরীর বাড়ি, গরুর খামার এবং মিফতাহুল উলুম কওমি বালিকা মাদ্রাসায় হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে ইলিয়াছ খানের চাচাতো ভাই মেহেদি হাসান জুসেফ বলেন, এ ঘটনায় কোনো মারামারি হয়নি, শুধু ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.