সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন

এ এম লিটন, টঙ্গী, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী ও মায়ের দোয়া রিয়েল এস্টেট-এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামানকে লক্ষ্য করে গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। শনিবার (৭ মার্চ) রাত প্রায় পৌনে ৮টার দিকে তার অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে কয়েকজন অজ্ঞাত যুবক কামরুজ্জামানের অফিসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা আশপাশের দোকানদারদের কাছে কামরুজ্জামানের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিতে থাকে। একপর্যায়ে তারা অফিসের নিরাপত্তারক্ষী নান্টুকে ডেকে পাশের একটি দোকানের পেছনে নিয়ে গিয়ে ‘কামরুল কোথায়’ বলে জানতে চায়।

নিরাপত্তারক্ষী নান্টু জানান, যুবকদের কথাবার্তায় অস্বাভাবিকতা লক্ষ্য করে তিনি তাদের ভদ্রভাবে কথা বলতে বলেন এবং প্রশ্ন করেন কেন তারা এভাবে খোঁজখবর নিচ্ছে। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত একটি নোহা মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে।
ব্যবসায়ী কামরুজ্জামান জানান, ঘটনার মাত্র দুই মিনিট আগে তিনি অফিসের সামনে অবস্থান করছিলেন। পরে নিজের গার্ডেনে প্রবেশ করার পরপরই গুলির শব্দ শুনতে পান। তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা আগে থেকেই অফিসের আশপাশে অবস্থান নিয়েছিল।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, একটি তাজা গুলি এবং একটি ব্যাগ উদ্ধার করেছে বলে জানা গেছে। এদিকে গুলির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। জিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, টঙ্গী এলাকায় সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin