শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টাঙ্গাইলে সংসদ সদস্য নির্বাচিত হলেন আপন দুই ভাই

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি মোছাঃ লিপি আক্তারঃ

আবদুস সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসন থেকে আপন দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম (পিন্টু) এবং তাঁর ছোট ভাই কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)।
আবদুস সালাম টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এবং সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। আবদুস সালাম এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুলতান সালাউদ্দিন এই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন। বিএনপি নেতারা জানিয়েছেন, এই দুই ভাই ছাড়া এক পরিবার থেকে আর একাধিক সংসদ সদস্য নির্বাচিত হননি।
আবদুস সালাম জেলার ৮টি আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন। একই সঙ্গে তিনি সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম ১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময় এই মামলায় তাঁর মৃত্যুদণ্ড হয়। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে তিনি এ মামলায় খালাস পান। আবদুস সালাম কারাগারে থাকাকালে তাঁর অনুপস্থিতিতে ছোট ভাই সুলতান সালাউদ্দিন টাঙ্গাইল-২ আসনের দায়িত্ব সামলান। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ওই আসন থেকে নির্বাচন করেন। পরবর্তী কালে তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ওরফে সানু বলেন, এবার সংসদ নির্বাচনে আবদুস সালাম ও সুলতান সালাউদ্দিন ছাড়া এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য আর কেউ নির্বাচিত হননি। তাঁরা দুই ভাই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আবদুস সালামকে দীর্ঘ ১৭ বছর কারাগারে থাকতে হয়েছে। সুলতান সালাউদ্দিনও বিগত আওয়ামী লীগ আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতন, মামলা-হামলার শিকার হয়েছেন। তাঁদের ত্যাগের কারণেই দল তাঁদের মূল্যায়ন করেছে। সেই সঙ্গে টাঙ্গাইলের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে তাঁদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin