
নিজস্ব প্রতিবেদক: প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সভাপতি ও কর কর্মকর্তা আতাহার আলী খানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশন” এর শুভ সূচনা করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসার্স এসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন, এসোসিয়েশনের স্থায়ী সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এসোসিয়েট সদস্য হিসেবে অন্তর্ভুক্তকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কণ্ঠ ভোটে সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাধারন সম্পাদক পদে কর কর্মকর্তা আতাহার আলী খানের নেতৃত্বে অফিসার্স এসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ও ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিএসসিসির বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশন” গঠন করা হয়েছে। ডিএসসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এ এসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মকর্তারা বলেন, একটি শক্তিশালী ও সংগঠিত এসোসিয়েশন ডিএসসিসির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নগরবাসীর সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত এই এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে কর্মকর্তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কার্যক্রম গ্রহণ, ঢাকা শহরের নাগরিক সেবা আরও আধুনিক ও কার্যকর করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা। এসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের মতামত ও প্রস্তাব আরও সুসংগঠিতভাবে উপস্থাপন করা সম্ভব হবে, যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সহায়তা করবে। এছাড়াও গঠিত কমিটি অবিলম্বে সভা আহবান করে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবে এবং সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করবে। উল্লেখ্য যে উক্ত কমিটি আগামী ২ বছরের মধ্যে সুষ্ঠু ভোটের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.