প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৯:৩২ এ.এম
বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

কাওসার হামিদ তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মোতালেব আকন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানান।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মোতালেব আকন পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মোতালেব আকন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ১৭ মার্চ হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকেই পরিবারের সদস্যরা উদ্বেগ নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। ঐ দিনই রাতেই ওই এলাকার কিছু ব্যক্তি তাকে চোর সন্দেহে আটক করে। এরপরে স্থানীয় নিরব (২৭), জহির হাং (২৮), আল-আমিন (৩০)সহ অজ্ঞাত আরও ৭-৮ জন তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর সারারাত নির্মম নির্যাতন করে স্থানীয় একটি মাদ্রাসায় ফেলে রেখে যায় ও গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।পরে সকালবেলা স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ প্রথমে তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল নেওয়ার পরও তার অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পথে নেওয়ার সময়ই ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমে তারা জানতে পারেন, তিনি বরগুনার তালতলী উপজেলার সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে মোতালেব আকনের স্বজনরা দ্রুত তালতলী হাসপাতালে যায় এবং সেখান থেকে বরিশাল নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মোতালেব আকন কারও ক্ষতি করার মতো অবস্থায় ছিলেন না। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় দিকভ্রান্ত হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। এমন একজন অসহায় মানুষকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ছগির বলেন, একজন অসুস্থ মানুষকে গাছের সঙ্গে বেঁধে যেভাবে মারা হয়েছে, তা অত্যন্ত নৃশংস। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন,ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১২)। ইতোমধ্যে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.