নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রাপাচার ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী সম্পৃক্ত অপরাধ সংঘটিত করেছে মর্মে প্রাথমিকভাবে অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানকালে সন্দেহভাজন ব্যক্তি আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাব খোলার তথ্য পাওয় যায়। ব্যাংক হিসাবগুলো খোলার তারিখ থেকে অদ্যাবধি হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায় যে সন্দেহভাজন ব্যক্তির নামে থাকা ৮টি ব্যাংক হিসাবে ৭ কোটি ৫১ লাখ টাকা বর্তমানে স্থিতি রয়েছে। সন্দেহভাজন ব্যক্তির হিসাবগুলোতে দেশি-বিদেশি মুদ্রাপাচার বা হুন্ডির অর্থ লেনদেন করা হয়েছে ও অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার জন্য ওই লেনদেন করা হয়েছে মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।
এমতাবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানপূর্বক ন্যায়বিচার নিশ্চিত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্যাংক হিসাবসমূহ অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ফ্রিজ করা একান্ত প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.