নুরুল আমিন, ময়মনসিংহ থেকে: কারাগার থেকে মুক্তি পেয়েই কারাগারে আটক ফুলপুর মেয়র আওয়ামী লীগ নেতা শশধর সেনসহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি চাইলেন বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় কমিটির সদস্য ১৪৭ ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার। রোববার বিকেলে কারা মুক্ত হওয়ায় তাকে স্বাগত জানাতে আসা ফুলপুর তারাকান্দার বেশ কয়েকটি পথসভায় তিনি বলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে শত শত নির্দোষ ভোটারদের বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে দেখে এসেছি।তিনি বলেন যারা অপরাধ করেছে তারা ভারতে পালিয়ে গেছে।আমি আওয়ামী লীগ না করলেও তারা আমার ভোটার। ফুলপুর পৌর মেয়র শশধর সেন অসুস্থ অবস্থায় মানবতার জীবন যাপন করছেন।
আমি তার মুক্তি চাই, সেই সাথে কারাগারে আটক নির্দোষ ভোটারদের মুক্তি চাই, ভোটারদের আটক রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন ধানাই পানাই না করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিন। বিনা কারণে কাউকে গ্রেফতার করা হলে ভোটের আগেই প্রতিবাদ হবে । আওয়ামী লীগের অধীনে নির্বাচন করার কারণ হিসাবে তিনি বলেন যে কারণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর বিদেশে ছিল একই কারণে আমি নির্বাচন করতে বাধ্য হয়েছিলাম।সুষ্ঠু নির্বাচন না থাকায় আমি কারো কাছে ভোট চাইনি।
তিনি বলেন আসন্ন নির্বাচনে তার প্রার্থী হতেও ষড়যন্ত্র হয়েছিল। হাইকোর্ট থেকে মনোনয়পত্র বৈধ করতে হয়েছে, কারাগারে আটক করে নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছিল, আইনি লড়াই করে জনগণের মাঝে ফিরে এসেছি, জনগণ প্রতিবাদ করতে শিখেছে, আর কোন অবিচার চলবে না, একটি কর্মীকে বিনা কারণে গ্রেফতার হলে জনগণ ঘরে বসে থাকবে না। স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের মুক্তির খবরে গ্রামগঞ্জ থেকে শত শত কর্মী খন্ড খন্ড মিছিল করে রাস্তায় ও তার ফুলপুর থানারোডস্থ বাসভবনে জড়ো হয়। তাদের উদ্দেশ্যে বক্তব্যে শাহ শহীদ সারোয়ার বলেন আগামী ১২ তারিখ তার ঘোড়া মার্কা বিজয়ের মাধ্যমে জনগণ সকল অন্যায় অত্যাচারের জবাব দেবে।