আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
পবিত্র রমজান উপলক্ষে নেত্রকোনায় স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর।
আজ (১২ মার্চ) বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত পুলিশ সুপার জনাব হাফিজুল ইসলাম (ডিএসবি)। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলামসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি কর্মকর্তা, সার্জন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই উদ্যোগের আওতায় বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, তরল দুধ ৭৫ টাকা কেজি এবং প্রতিটি ডিম পাওয়া যাচ্ছে মাত্র ৮ টাকায়।
বাজারদরের চেয়ে কম দামে নিত্যপণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, রমজান মাসজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ কর্মসূচিতে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে রমজানে বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।