স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত, নদীর তীরে স্বজনদের আহাজারি
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে মাছ ধরতে গিয়ে আবু ইউসুফ (৯) ও নিরব (১০) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও রাত পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে পাঁচ শিশু তুরাগ নদীতে মাছ ধরতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতে ইউসুফ ও নিরব পানিতে তলিয়ে যেতে থাকে। সঙ্গে থাকা অপর তিন শিশু নদী থেকে উঠে এসে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধার তৎপরতা।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে। তবে স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, নিখোঁজের পর থেকেই উদ্ধার অভিযান চলছে। এখনো শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। স্রোতের কারণে তল্লাশিতে কিছুটা সমস্যা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শিশু দুটির নিখোঁজের খবর পেয়ে স্বজনরা নদীর তীরে ছুটে আসেন। দীর্ঘ সময় ধরে তারা নদীর পাড়ে অপেক্ষা করছেন। স্বজনদের কান্না ও আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।