মদন (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসান রহমান নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সবুজ মিয়া ১০ জনকে অভিযুক্ত করে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা (নয়াবাড়ি) গ্রামের সবুজ মিয়া ও তার ছেলে হাসান রহমান রোববার ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে একই গ্রামের ওয়াহাব, ছোটন, আলমসহ আরও কয়েকজন তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র রামদা, দা, লাঠি, রড ও বল্লম দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে হাসান রহমানকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং রড দিয়ে আঘাত করে তার পায়ের হাঁড় ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ সময় হামলাকারীরা সবুজ মিয়াকেও মারধর করে এবং তার মেয়ে দিশামনিকেও আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি নগদ টাকা লুট ও ঘরের দরজা-জানালা ভাঙচুরের ঘটনাও ঘটে। বর্তমানে সবুজ মিয়া মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ছোটন মিয়া বলেন, “সবুজ মিয়ার লোকজন আমার ভাতিজাকে মারধর করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমাদের পক্ষের আলম মিয়া ও মজিদা নামে দুজন আহত হয়েছেন।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।