স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন আমজাদের হত্যার বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মাখন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আব্দুর রহমান রুহী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল ইসলাম জুয়েল।
বক্তারা বলেন, আমজাদ হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
তারা আরও বলেন, বিচার প্রক্রিয়ায় গাফিলতি বা অযথা বিলম্ব করা হলে নেত্রকোণাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২১ মে নেত্রকোণা পৌর ছাত্রদলের নেতা আমজাদ হোসেনকে একটি মাদক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে সদর উপজেলার রড়ওয়ারী এলাকায় কথিত ‘ক্রসফায়ারে’ তিনি নিহত হন বলে দাবি করেন আন্দোলনকারীরা।