মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টার দিকে তাঁর মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কারাভোগের কারণে লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডের তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভুগছেন। কারামুক্তির পর দেশের অভ্যন্তরে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের আগে নিজ নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বাবর। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় পূর্ণ উদ্যমে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর ভাই মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে নিয়মিত চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আজ বিকেল ২টার দিকে তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আমাদের প্রিয় অভিভাবক সংসদ সদস্য যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন, সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’