রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করতে যাচ্ছেন মনিরা শারমিন

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এই আপিল আবেদন জমা দেবেন।

সকালে এনসিপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ২০২৫ সালে পদত্যাগ করেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ (১) (চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ থেকে চাকরি ছাড়ার পর ৩ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য হন না। মনিরা শারমিনের ক্ষেত্রে এই ৩ বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

গত বুধবার (২২ এপ্রিল) বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে, এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় সেটি শুরুতেই আমলে নেয়নি কমিশন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল দেন এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন ইসি। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে।

আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com