মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা বাজারে জ্বালানি তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ধুবাওয়ালা বাজারের মৃত আব্দুল মান্নানের ছেলে ইলিয়াছ প্রতি লিটার জ্বালানি তেল ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি করছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেলের সংকটের কারণে খোলা বাজারে তেল বিক্রির অনুমতি না থাকলেও তিনি অবৈধভাবে প্রায় ৫০০ থেকে ৬০০ লিটার তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় কৃষকরা বাধ্য হয়ে উচ্চমূল্যে তেল কিনছেন। কৃষি কাজের জন্য সেচ পাম্প ও অন্যান্য যন্ত্র চালাতে জ্বালানি তেল অপরিহার্য হলেও অতিরিক্ত দামের কারণে তারা চরম বিপাকে পড়েছেন।
ভুক্তভোগী কৃষকদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে এই অবৈধ কার্যক্রম বন্ধ করে ন্যায্যমূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হোক।
এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করা হয়েছে।