মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় কথিত ‘মাদকের ডন’ হিসেবে পরিচিত এক ব্যক্তিকে ডাকাতি মামলায় গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) রাত ১টা ৫০ মিনিটে মদন পৌরসভাস্থ সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৪)। তিনি উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে মদন পৌরসভার মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে পুলিশ সদস্য আজাহারুল ইসলামের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছোট ভাই জাকু বাদী হয়ে মদন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলায় আরিফুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফয়সালের নেতৃত্বে এএসআই (নিঃ) সাকিবসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনে একাধিক মামলা রয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ হাসনাত জামান জানান, তাকে ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।