মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় হাওরাঞ্চলের কৃষকদের খোঁজখবর নিতে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গোবিন্দশ্রী হাওরে কৃষকদের সঙ্গে নিয়ে বোরো ধান কাটা উদ্বোধন করেছেন। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরে তিনি হাওর এলাকায় গিয়ে বোরো ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষকদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। পরে বালালী গ্রামের সামনে তলার হাওরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধান পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, অতিবৃষ্টির কারণে হাওরে কোথাও কোথাও পানি জমে রয়েছে। পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেওয়া হচ্ছে এবং কিছু স্থানে নতুন বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। কৃষকদের ফসলের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে এ বছর হাওরে ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারে, সে জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।” জেলেদের উদ্দেশে তিনি আগামী তিন থেকে চার মাস পোনা মাছ না ধরার আহ্বান জানান। তিনি বলেন, বৈশাখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোনা মাছ ধরা বন্ধ রাখতে হবে। এ সময় তিনি নিজ উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করার কথাও জানান এবং পোনা সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠনের আহ্বান জানান। পাশাপাশি কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, তার এলাকায় কোনো মাদকের স্থান থাকবে না—এ বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।